পোস্টাল ব্যালট নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

ঢাকা, ২০ জানুয়ারি – নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে অনেক লেখা হচ্ছে। এই অবস্থায় সাংবাদিকরা পাশে থাকায় মানুষ সঠিক তথ্য পাচ্ছে। সাংবাদিকরা না থাকলে এতদূর আসা সম্ভব হতো না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ে সিইসি এসব কথা বলেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, বিশ্বের ১২২ দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। এর আগে দেশে কেউ এমন সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেয়নি, অনেক উন্নত দেশও এ ধরনের ব্যবস্থা করতে পারেনি, বাংলাদেশ তা করছে।
তিনি বলেন, আমরা যখন এই উদ্যোগ গ্রহণ করি, তখন জানতাম এতে অনেক চ্যালেঞ্জ আসবে। আমরা অজানা জায়গায় প্রবেশ করেছি, তবে শপথ ছিল এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। ১২২ দেশের ভিন্ন সংস্কৃতি, আইন এবং পোস্টাল সিস্টেমকে একত্রিত করা ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।
অপপ্রচারের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল বোঝে সমালোচনা করেন। সাংবাদিকরা থাকায় মানুষ সঠিক তথ্য পাচ্ছে। নতুন কাজে ভুল-ত্রুটি বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সাংবাদিকরা যদি মানুষকে স্পষ্ট তথ্য দেন, তবে এই প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।
তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা বলছেন, যদি বাংলাদেশ এই পোস্টাল ব্যালট সফল করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে। প্রতিবেশী দেশগুলোও এটি সফল করতে পারেনি। প্রথম বছরে যা করা হয়েছে, তা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে।
শুধু প্রবাসী নয়, যারা কর্মস্থলে থাকায় নিজ এলাকায় থাকতে পারেন না বা যারা কারাগারে আছেন—তাদের জন্যও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কেউ এত সাহস দেখাতে পারেনি। আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই কাজ শুরু করেছি।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬









