জাতীয়

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ২০ জানুয়ারি – নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. ইউনূস এই তাগিদ দেন।

প্রেস সচিব জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে এবং এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। ওই সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়।

তিনি আরও জানান, সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি আলাদা প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

শফিকুল আলম জানান, পরিবেশগত দিক, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, চারটি নতুন থানা স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানা ভেঙে সেখানে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language