ক্রিকেট

মোস্তাফিজের জায়গা উইজডেনের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে

ঢাকা, ১৯ জানুয়ারি – জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তাকে স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের ভিত্তিতে বর্ষসেরা একাদশে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটের সম্পাদকীয় দলের নির্বাচনে এই একাদশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া হয়েছে।

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টুয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। বছরজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এই বর্ষসেরা একাদশ গড়া হয়েছে বলে উইজডেন জানিয়েছে।

উইজডেনের ওয়েবসাইটে মোস্তাফিজের পারফরম্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, যেসব বোলার ১৫০ ওভার বা তার বেশি বল করেছেন, তাদের মধ্যে ২০২৫ সালে তার বোলিং গড় ছিল ১৮.০৩, যা অন্য সবার চেয়ে ভালো। এ বছর কোনো পেসারই এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে শুধু ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার তার চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছর জুড়ে মোস্তাফিজ নিয়মিত উইকেট নিয়ে রানও আটকে রেখেছেন।

গত বছর স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচে মোস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৮ এবং স্ট্রাইক রেট ছিল ১৫.৯। ১১ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স। পুরো বছরে তিনি ১৫৬.৫ ওভার বোলিং করেছেন। অন্যদিকে জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে ৯৭ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট তার ১৫.৪ হলেও বোলিং গড় ছিল ২১.৪২।

বর্ষসেরা দলে দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার রাখা হয়েছে। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন থাকছেন। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

ওই একাদশে ওপেনিংয়ে রয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। সব ধরনের স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচ মিলিয়ে গত বছর অভিষেক শর্মা তিনটি সেঞ্চুরি করেছেন। স্ট্রাইক রেট ছিল ২০২.০১। ৪০ ইনিংসে ১৬০২ রান করেছেন এবং ১০ উইকেট নিয়েছেন। উইজডেন উল্লেখ করেছে, এক পঞ্জিকাবর্ষে প্রতি বলে দুই রান করে হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ক্রিকেটার তিনি।

ফিল সল্ট ৫২ ইনিংসে ১৫৭৫ রান করেছেন ১৫৩.৩৫ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড জাতীয় দল ও আইপিএলে তার স্ট্রাইক রেট ছিল ১৭৬। তিনি এই একাদশে উইকেটকিপার হিসেবেও আছেন।

দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিডও বর্ষসেরা এই দলে আছেন। মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারার দক্ষতার জন্য ফেরেইরাকে বিশেষভাবে উল্লেখ করেছে উইজডেন। গত বছর তিনি প্রতি ৬.৬ বলে একটি করে ছক্কা এবং প্রতি ৩.৯ বলে একটি করে চার মারেছেন। ব্রেভিস আইপিএল, এসএটি২০ ও দ্য হান্ড্রেড—এই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং তিন থেকে সাত নম্বর পজিশনে ১৭০-এর বেশি স্ট্রাইক রেট ধরে রেখেছেন।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language