পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি

ঢাকা, ১৯ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটের ব্যবস্থা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই প্রক্রিয়া ও অ্যাপের ব্যবহার সম্পর্কে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঠিক ধারণা দিতে ইসি একটি ব্রিফিং আয়োজন করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুইজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে বা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন প্রতিনিধি ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন।
ইসি আরও জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।
প্রতীক বরাদ্দের পর দেশ ও বিদেশে অবস্থানরত ভোটাররা, যারা ইতোমধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে কীভাবে সম্পন্ন হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা কালকের ব্রিফিংয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, পোস্টাল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করতে এই কারিগরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬









