জাতীয়

তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে পালাল মোটরসাইকেল চালক

ঢাকা, ১৯ জানুয়ারি – রাজধানীর গুলশানে গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এক মোটরসাইকেল চালক। ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

পুলিশের তথ্যমতে, কাগজটিতে কোনো লেখা ছিল না। ব্যবহৃত মোটরসাইকেলটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের ছিল। ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি জানার পর তারা নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজে দেখা গেছে, এক মোটরসাইকেল চালক গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় চালকের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।

পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language