জাতীয়

ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আঙুল দেখানোর অভিযোগে রুমিন ফারহানাকে তলব

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ জানুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি ভেঙে জনসভা করা এবং দায়িত্বে থাকা নির্বাহী হাকিমকে হুমকি দেওয়ার পাশাপাশি ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষর করা একটি চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি নির্বাচনী সভায় প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে বড় আকারের স্টেজ তৈরি করে মাইকে বক্তব্য দেন রুমিন ফারহানা। বিষয়টি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে ব্যারিস্টার রুমিন ফারহানা তার সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’

রিটার্নিং কর্মকর্তা চিঠিতে জানান, রুমিন ফারহানা প্রকাশ্যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান এবং তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করেন। এভাবে গণজমায়েত বা ‘মব’ তৈরি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে বা তার আগেই রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language