দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার

ঢাকা, ১৯ জানুয়ারি – দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার, যা ২৮ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধের পর গত ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬









