জাতীয়

নির্বাচনে অংশ নেবে কি না ভাবছে এনসিপি

ঢাকা, ১৮ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নেবেন কি না, তা নতুন করে ভাবার সময় এসেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করা দরকার ছিল, নির্বাচন কমিশন তা হারিয়েছে। এভাবে যদি নির্বাচনের কার্যক্রম সামনে এগোতে থাকে, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা ইসির পক্ষে সম্ভব হবে না বলে তারা শঙ্কা প্রকাশ করছেন।

তিনি বলেন, এই নির্বাচন কমিশনের ওপর তাদের আর বিশ্বাস নেই। এই নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপির গ্যারান্টারদের মধ্যে অনেককেই ছাড় দেওয়া হয়েছে বলে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন।

এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে তিনি একটি ‘নাটক’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, পুরো বিষয়টি যেন নাটকের মতো সাজানো হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে যাওয়ার সময় তারা দেখেছেন ছাত্রদলের দুই থেকে তিন হাজার নেতাকর্মী গুরুত্বপূর্ণ দিনে, আপিল শুনানির শেষ দিনে, এক ধরনের মব তৈরি করেছে। বাইরে থেকে তারা একটি বাহ্যিক চাপ তৈরি করে রেখেছে।

আসিফ মাহমুদ বলেন, রায় ঘোষণার ঠিক আগে যদি বিচারক অপরাধী বা অপরাধীর পক্ষের লোকজনের সঙ্গে বসে আলোচনা করেন, তাহলে সেই রায় কখনোই নিরপেক্ষ হতে পারে না। তিনি অভিযোগ করেন, কমিশনের সদস্যরা যেখানে ১৫ মিনিটের কথা বলার কথা, সেখানে তারা বিএনপির একদল নেতার সঙ্গে দেড় ঘণ্টা ধরে আলোচনা করেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language