মধ্যপ্রাচ্য

যে দেশে বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!

আবুধাবি, ১৮ জানুয়ারি – সংযুক্ত আরব আমিরাতের বড় করপোরেট প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তরুণদের পরিবার গঠনে উৎসাহ দিতে বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং দুবাইয়ের পরিচিত ধনকুবের খালাফ আল হাবতুর জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা। তিনি আরও বলেন, বিয়ের পর দুই বছরের মধ্যে যদি ওই কর্মীর সন্তান জন্ম নেয়, তাহলে অনুদানের পরিমাণ দ্বিগুণ হয়ে ১ লাখ দিরহামে পৌঁছাবে। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, স্থিতিশীল সমাজ ও শক্তিশালী জাতি গড়তে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, সুন্দর জাতি গঠনের জন্য শুধু সরকারের ওপর নির্ভর না করে সচ্ছল বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও তরুণদের পাশে দাঁড়ানো উচিত। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা।

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ স্থানীয় নাগরিক। এই জনসংখ্যাগত ভারসাম্যহীনতা কমাতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সরকার আগেই নানা আর্থিক কর্মসূচি চালু করেছে। আল হাবতুর গ্রুপের এই উদ্যোগ সরকারি প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের করপোরেট খাতে এত বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা একটি নতুন দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language