গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে ট্রাম্প বললেন বিশ্ব শান্তি ঝুঁকিতে

ওয়াশিংটন, ১৮ জানুয়ারি – গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পুরোপুরি কেনা’ নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর হুমকি দিয়ে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আরোপের হুমকির পর ট্রাম্প বলেছেন, বিশ্বশান্তি এখন ঝুঁকির মুখে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ মোট আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক দিতে হতে পারে। ইউরোপীয় মিত্ররা যদি গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা হস্তান্তর বা পুরোপুরি বিক্রিতে সম্মত না হয়, তাহলে আগামী জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
এই হুমকির প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্বশান্তি ঝুঁকিতে রয়েছে, কারণ চীন ও রাশিয়া ‘গ্রিনল্যান্ড চায়’। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে কেবল যুক্তরাষ্ট্রই ‘এই খেলা খেলতে পারে’। নতুন ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতায় চালাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ তার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক বলেছেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। এতে সংশ্লিষ্ট আটটি দেশের কর্মকর্তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। তার মতে, এই সিদ্ধান্ত ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটাতে পারে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই রয়েছে।
এদিকে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির পর দেশটির রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। সেখানে ‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য’, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’—এমন লেখা-সহ বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়।
অন্যদিকে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করা ইউরোপের আট মিত্র দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা জরুরি বৈঠক ডেকেছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে আলোচনার জন্য রোববার আরও পরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









