আজ বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

ঢাকা, ১৮ জানুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি ও মির্জা ফখরুলের মধ্যে বৈঠক হবে।
এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। ওই সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে গিয়ে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও পাঠানোর পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার কারণে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









