জাতীয়

ইসলামী আন্দোলনের জন্য এখনো জোটের দরজা খোলা আছে

ঢাকা, ১৮ জানুয়ারি – আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের মধ্যে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে দলটির জন্য এখনো জোটের দরজা খোলা আছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক হয়। ওই বৈঠক প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে।’

আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন গত শুক্রবার জোট ছাড়ার ঘোষণা দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০টি দল ২৫০ আসনে সমঝোতার ঘোষণা দেয়। এতে ইসলামী আন্দোলনের জন্য পাঁচটি উন্মুক্তসহ মোট ৫০টি আসন রাখার কথা বলা হয়। তবে ইসলামী আন্দোলন ৪৫ আসনে সমঝোতায় রাজি হয়নি। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর ৩০ আসনে ছাড় পাওয়া এনসিপি এবং ২০ আসন পাওয়া বাংলাদেশ খেলাফতও কিছু আসন নতুন করে দাবি করছে।

এহসানুল মাহবুব জুবায়ের শনিবার বলেন, ‘আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত জানালে শীর্ষ নেতৃত্ব বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

নির্বাহী পরিষদের বৈঠকে দলীয় ইশতেহার চূড়ান্ত করাসহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘এই বৈঠকে পরিষদের সদস্যদের পাশাপাশি মহিলা বিভাগের দায়িত্বশীলরা ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে নির্বাচনী প্রচারের সূচিও এই বৈঠকে নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নীতি বৈঠকে উপস্থাপন করা হচ্ছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পর দলীয় ইশতেহারে যুক্ত করা হবে। পরে তা জাতির সামনে প্রকাশ করা হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে।’

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language