জাতীয়

নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ

ঢাকা, ১৮ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানির আজ শেষ দিন। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি হয়।

শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আবেদন মঞ্জুর হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয় ২টি আবেদন। একই সঙ্গে কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। এছাড়া শুনানির সময় ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language