জাতীয়

রাজধানীতে শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

ঢাকা, ১৮ জানুয়ারি – শব্দদূষণ নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজধানীতে হর্নের বিরুদ্ধে একটি মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় শনিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়, যেখানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বক্তব্যে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ একসঙ্গে কাজ করলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা সঠিকভাবে কার্যকর করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, বেশি শব্দ সৃষ্টি করে এমন হর্নের আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল, পিকআপ ভ্যান এবং পরিবেশ অধিদপ্তরের যানবাহন নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা ঘুরে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া জানানো হয়, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language