ঢাকায় রোদ থাকলেও দিনের বেলায় আবার কুয়াশার সম্ভাবনা

ঢাকা, ১৮ জানুয়ারি – ঢাকায় দিনের বেলায় কিছুটা রোদ দেখা গেলেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবার কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দিনের বেলাতেও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, এই সময়টায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে।
এদিন ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৮৫ শতাংশ।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









