জাতীয়

গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির

ঢাকা, ১৭ জানুয়ারি – গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে এসব পরিবারকে অগ্রাধিকার দিয়ে সহায়তা করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

রিজভী বলেন, ভবিষ্যতে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি বারবার দিয়ে আসছেন, তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অবদান, তার প্রকৃত প্রতিদান দেওয়া সম্ভব নয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ কিংবা রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক অর্জন টেকসই হতে পারে না। এই আত্মত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল ভিত্তি।

রিজভী বলেন, যাকে ৪৪ বছর ধরে দমন করা যায়নি, যাঁর মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তবে তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, আর সেই ঋণ পরিশোধ করতেই হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language