ক্রিকেট

ভিসা না পাওয়ায় আইসিসির ভারতীয় কর্মকর্তা আসছেন না, ঢাকায় আসছেন এক প্রতিনিধি

ঢাকা, ১৭ জানুয়ারি – ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জটিলতা নিরসনের লক্ষ্যে ঢাকায় আসার কথা ছিল আইসিসির দুই কর্মকর্তার। তবে শেষ পর্যন্ত একজনই আসছেন। আইসিসির একজন ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা না পাওয়ায় সফরে অংশ নিতে পারেননি।

আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা শিগগিরই কাটতে পারে—এমন ইঙ্গিত মিলছে। ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন। প্রয়োজনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভারতীয় বংশোদ্ভূত এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভিসা জটিলতার কারণে আসতে পারেননি। ফলে আইসিসির দুর্নীতি ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই ঢাকায় এসে আলোচনায় বসছেন।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবিও তোলে বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এ বিষয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়। এরপর দুই পক্ষের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হলেও আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি নয় বলে জানা গেছে।

এসব বিষয় নিয়েই আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধিও উপস্থিত থাকতে পারেন।

এ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আইসিসির প্রতিনিধি কাল ঢাকায় আসছেন। সভাপতি ও সহ-সভাপতিরা বৈঠকে বসবেন। আমরা আশা করছি, এই আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান আসবে।’

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language