জাতীয়

হাসনাতের মনোনয়ন বহাল, মঞ্জুরুল মুন্সির আপিল খারিজ

ঢাকা, ১৭ জানুয়ারি – কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে করা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকল।

শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ বলে রায় দেয়।

এদিকে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এনসিপির আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহ।

ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ—উভয়ের মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল করা হয়েছিল।

শনিবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল এবং হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language