বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন বোর্ড গঠন

ঢাকা, ১৭ জানুয়ারি – সরকার বিদ্যমান ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ বাতিল করে নতুনভাবে বোর্ড গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ সদস্যের এই উচ্চপর্যায়ের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বোর্ডের ভাইস চেয়ারম্যান থাকবেন সদস্য সচিব হিসেবে।
নতুন বোর্ডের সদস্য হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি অথবা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি অথবা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি অথবা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫-০৯-২০২৪ তারিখে গঠিত বোর্ড বাতিল করা হলো।’
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









