উত্তর আমেরিকামধ্যপ্রাচ্য

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যানের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে আরও রয়েছেন একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যের কাছে গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দায়িত্ব বা পোর্টফোলিও থাকবে।

এর আগে বৃহস্পতিবার বোর্ডটির গঠনের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি যেকোনো সময় ও যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, স্যার টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৩ সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে যুক্ত করেন। ক্ষমতা ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ নিয়ে গঠিত ‘কোয়ার্টেট’-এর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language