জাতীয়

হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ঢাকা, ১৭ জানুয়ারি – হার্ট অ্যাটাকের কারণে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি শঙ্কামুক্ত আছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসা দেখছেন। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তার মাধ্যমে মান্নার অসুস্থতার খবর জানান। বার্তায় তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং তাকে পিজি হাসপাতালে, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ২০২৪ সালে, হার্ট অ্যাটাকের কারণে এই রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language