সপ্তম দিনে ইসির আপিল শুনানিতে ৪৩টির মধ্যে ১৮টি আবেদন মঞ্জুর

ঢাকা, ১৬ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের সপ্তম দিনে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়েছে। এই শুনানি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৬ জানুয়ারি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুনানিকৃত ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়েছে। একই ধরনের ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। আরও ৪টি আপিল আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬









