জাতীয়

হাদি হত্যায় শত-সহস্র কোটি টাকার বিনিয়োগের অভিযোগ ইনকিলাব মঞ্চের

ঢাকা, ১৬ জানুয়ারি – শহীদ ওসমান হাদি হত্যায় শত থেকে সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, যারা এই বিনিয়োগ করেছে, তারা শুধু হাদির মাথায় গুলি করেনি, তারা বাংলাদেশের মাথায়, বাংলাদেশের পতাকায় এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর গুলি করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল শেষে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিটে মূল আসামিদের কাউকেই রাখা হয়নি। তিনি বলেন, কারা আসামিদের আড়াল করতে চায়, তা তারা বুঝতে পারছেন। তাঁর ভাষায়, রাষ্ট্র যদি তাদের আড়াল না করে, তাহলে তাদের লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, গত ১৭ বছরে বিরোধী দলের কেউ যদি ৪০ ফুট মাটির নিচেও লুকিয়ে থাকত, রাষ্ট্র তাকে খুঁজে বের করেছে। অথচ হাদিকে হত্যাকারীরা এখনো দেশেই রয়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে তাদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। এ কারণেই হাদি হত্যার বিচারের দাবিতে জনগণ রাজপথে নেমেছে বলে তিনি মন্তব্য করেন।

ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, একজন মানুষকে হত্যা করতে শত কোটি টাকার প্রয়োজন হয় না। এক লাখ টাকা দিলেই কিছু নেশাগ্রস্ত লোক খুন করে আসে। তাহলে প্রশ্ন ওঠে, এই শত কোটি টাকা কোথায় গেল, কারা এই টাকা বিনিয়োগ করেছে এবং কেন করেছে।

তিনি আরও বলেন, ৫ তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে ২১ জনের একটি দল হাদিকে গুলি করার চেষ্টা করেছিল। কিন্তু চার্জশিটে ফয়সাল, মাসুদ ও আলমগীর ছাড়া ওই ২১ জনের আর কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে কীভাবে বলা হলো যে ২১ জনের একটি টিম এই হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল।

সমাবেশ শেষে আব্দুল্লাহ আল জাবের বলেন, তাঁর মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও এই অন্যায়ের সঙ্গে যুক্ত। তিনি বলেন, বাংলার এই মাটিতে শহীদ ওসমান হাদিরা মারা যাওয়ার পরও এই লড়াই চলতে থাকবে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language