পশ্চিমবঙ্গ

ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিক হত্যার অভিযোগ, মুর্শিদাবাদে বিক্ষোভ

কলকাতা, ১৬ জানুয়ারি – ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক শ্রমজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে তাঁর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে। প্রায় পাঁচ বছর আগে কাজের সন্ধানে তিনি ঝাড়খণ্ডে যান এবং সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।

আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত পরশু তাঁর শ্যালক ফোন করে বলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে তাঁকে হেনস্তার শিকার হতে হচ্ছে। সর্বত্র তাঁকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। আধার কার্ড দেখালেও তাতে বিশেষ লাভ হচ্ছে না বলে তিনি জানান। পুরো বিষয়টি নিয়ে তিনি ভীত ছিলেন বলেও পরিবারের কাছে জানান। এরপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর সুজাপুর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। তারা রেললাইন ও মহাসড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

পরিবারের দাবি, যে ছবিগুলো তারা পেয়েছেন সেখানে দেখা যাচ্ছে, আলাউদ্দিন ফাঁস দেওয়া অবস্থায় বসে আছেন। এর ভিত্তিতে পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, তাঁকে হত্যা করা হয়েছে। পরে প্রমাণ লোপাটের জন্য তাঁর গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।

আলাউদ্দিনের স্বজন ও প্রতিবেশীদের বিক্ষোভে এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের এলিট শাখা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language