ইউরোপ

ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন

নুক, ১৬ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দেওয়ার পর সেখানে ইউরোপীয় সেনাদের যাওয়া শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফ্রান্সের সেনাবাহিনীর একটি ছোট দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছে। এই দলের সঙ্গে জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সেনারাও যুক্ত থাকবে। সেখানে তারা একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে।

এদিকে গ্রিনল্যান্ড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল ওয়াশিংটনে যান ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের কয়েক ঘণ্টা পরই ফ্রান্সের সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি দল গ্রিনল্যান্ডে পৌঁছে।

বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন জানান, জেডি ভান্সের সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে। তবে কিছু বিষয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছার বিষয়টিও তিনি সমালোচনা করেন।

এর মধ্যেই ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আরও কঠোর বক্তব্য দিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন।

অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তারা গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনে অংশ নেবেন না। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সেখানে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি একটি ‘রাজনৈতিক বিপর্যয়’ হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, এক ন্যাটো সদস্য দেশের সঙ্গে আরেক ন্যাটো সদস্য দেশের দ্বন্দ্ব বা কোনো দেশের ভূখণ্ড দখলের চেষ্টা হলে, বর্তমান যে বিশ্বব্যবস্থাকে আমরা চিনি, তা ভেঙে পড়বে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language