মধ্যপ্রাচ্য

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নতুন দায়িত্বে শায়া মোহসেন জিনদানি

সানা, ১৬ জানুয়ারি – ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। কাউন্সিল সেই পদত্যাগ গ্রহণ করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করা হয়।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সাবা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। এরপর হুথিদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি আরব নিজেদের সেনা, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী এবং ইয়েমেনের সেনাদের নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে।

এই জোট ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১১ বছর ধরে হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের সংঘাত চলছে। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজেশন কাউন্সিল বা এসটিসির উত্থানের কারণে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বড় ধরনের সংকটে পড়ে। এসটিসিকে সহযোগিতা করার বিষয়টি নিয়ে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে রিয়াদ দক্ষিণ ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের আহ্বান জানায় এবং আবুধাবি তা মেনে নেয়।

কয়েক দিন আগে দক্ষিণ ইয়েমেনে সৌদি প্রতিরক্ষা জোট নতুন করে সামরিক অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে এসটিসির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি আমিরাতে আশ্রয় নেন। এরপর থেকে দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।

দক্ষিণ ইয়েমেনের এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই দেশটির প্রধানমন্ত্রীর পদে এই পরিবর্তন এলো।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language