ঢাকার শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকা, ১৬ জানুয়ারি – সারাদেশে এখন কনকনে শীত অনুভূত হচ্ছে, আর ঢাকাতেও শীতের মাত্রা বেড়েছে। ঢাকার আবহাওয়া নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬









