জাতীয়

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান

ঢাকা, ১৬ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারেক রহমান।

যমুনায় তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কাটান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

দেড় ঘণ্টার মতো বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তারেক রহমান যমুনা থেকে নিজের বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে বের হয়ে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছিল।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬

Back to top button