ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনায় বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!

ঢাকা, ১৫ জানুয়ারি – ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিকবার ই-মেইল আদান-প্রদান এবং ভার্চুয়াল বৈঠক হলেও বিসিবিকে তাদের অবস্থান থেকে সরাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। এই পরিস্থিতিতে সরাসরি আলোচনা করার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করলেও প্রতিনিধি দল আসার বিষয়টি শতভাগ নিশ্চিত বলে জানাননি।

বিসিবির সভাপতি ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, আমিনুল ইসলাম সাহেব তাকে জানিয়েছেন যে আইসিসির একটি টিম আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থান আরও পরিষ্কার করে ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী এবং আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা সম্ভব বলেই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবি আইসিসিকে ই-মেইল পাঠিয়েছিল। এরপর দুই পক্ষের মধ্যে একাধিক আলোচনা হয়। সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।

বর্তমানে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণেই এই বিষয়ে টানাপোড়েন চলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ খেলা দেখতে মুখিয়ে থাকলেও বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language