ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

ঢাকা, ১৫ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত সবাইকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে হবে।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার আশঙ্কা প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন, সাগর-রুনির ঘটনার মতো করে যেন ওসমান হাদি হত্যার বিচার তারিখের পর তারিখে হারিয়ে না যায়। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সরকারকে আগেই জানিয়ে রাখছি—প্রথমে বিক্ষোভ মিছিল, এরপর ধাপে ধাপে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং সংসদ ভবন ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আন্তরিকতা বা সদিচ্ছার প্রতিফলন দেখা যাচ্ছে না। যে তদন্ত করা হয়েছে, তা পুরোপুরি অস্পষ্টতায় ভরা এবং যাদের আসামি করা হয়েছে, তারাও এখনো ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের বিষয়ে চার্জশিটে কোনো তথ্যই উল্লেখ করা হয়নি।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









