জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় তারেক রহমান

ঢাকা, ১৫ জানুয়ারি – প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়।

দেশে ফেরার পর এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। সেখানে তিনি ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language