নতুন সরকার এলে রাস্তায় কত আন্দোলন হয় তা খুব আগ্রহ নিয়ে দেখবেন আসিফ নজরুল

ঢাকা, ১৫ জানুয়ারি – একমাস পর নতুন সরকার দায়িত্ব নিলে তখন রাস্তায় কতটা আন্দোলন হয়, তা খুব আগ্রহ নিয়ে দেখবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, গত ১৬ মাসে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে। আল্লাহর রহমতে আর মাত্র এক মাস পর উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। তখন সবাই অপেক্ষায় থাকবে এবং এরপর তিনি নিজে খুব আগ্রহ নিয়ে দেখবেন, রাস্তায় আসলে কত আন্দোলন হয়।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাস্তাঘাটে আন্দোলনের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। কিন্তু যেভাবে প্রত্যাশা বাড়ে, সেভাবে সবার দায়িত্ববোধ বাড়ে না।
আন্দোলনের কারণে অনেক মানুষের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ পত্রিকায় একটি ছবি দেখেছেন, যেখানে একজন ব্যক্তির একটি পা নেই এবং তিনি ক্র্যাচে ভর করে অনেক দূর হেঁটে যাচ্ছেন। তিনি বলেন, এসব বিষয় যদি আমরা মনে না রাখি, যদি ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ না থাকে, তাহলে আসলে করার কিছু থাকে না।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









