নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা, ১৫ জানুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান আর প্রার্থী হচ্ছেন না।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ প্রধান লেখেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে জানান।
তিনি আরও লেখেন, পরিস্থিতি যেমনই হোক, সবাই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, যেন কেউ একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ বা শব্দ ব্যবহার না করেন।
পোস্টে তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন, তারা যেন মন খারাপ না করেন, কারণ ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে পারস্পরিক সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা তাকে অপছন্দ করেন, তারা চাইলে তাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন বলেও লেখেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের স্বার্থে এই ঐক্যের প্রচেষ্টা কবুল করার দোয়া করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাশেদ প্রধান পঞ্চগড়–১ ও পঞ্চগড়–২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পঞ্চগড়–১ আসনে সারজিস আলম এবং পঞ্চগড়–২ আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থী থাকায় জোটের অনুরোধে তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









