জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।
আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের অভিযোগ গঠনের আবেদন এবং আসামি পক্ষের অব্যাহতির আবেদন শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশের তারিখ ঠিক করেন।
এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে উপস্থিত থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। আর সজীব ওয়াজেদ জয়ের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।
মামলায় মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে পলক ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’ হামলা চালায়। এছাড়া এই দুই আসামি ইন্টারনেট বন্ধ করে ‘মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা’ দেন বলে অভিযোগ করা হয়েছে।
একই সঙ্গে তারা হত্যাকাণ্ডে সহায়তা করেছেন বলেও অভিযোগে বলা হয়। এসব হামলায় পুলিশ ও দলীয় ‘সন্ত্রাসী বাহিনীর’ হাতে রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন।
তৃতীয় অভিযোগে বলা হয়েছে, উত্তরায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডে আসামিরা ‘সহায়তা’ করেছেন।
এই সব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালত গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একই দিনে গ্রেপ্তার থাকা পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আদালত গ্রহণ করেন।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









