উত্তর আমেরিকা

ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৫ জানুয়ারি – ভেনেজুয়েলার তেল বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ধরে আনা এবং দেশটির তেল সম্পদের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পর এই তেল বিক্রি শুরু হয়। এরই মধ্যে ৫০ কোটি ডলারের তেল বিক্রি হয়ে গেছে।

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন প্রশাসনের সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে আদালতে বিচার হবে।

মাদুরো ও তার স্ত্রীকে ধরে আনার তিন দিন পর, ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনা হবে। তিনি বলেন, প্রথম চালান হিসেবে ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে। এখানে এক ব্যারেল সমান ১৫৯ লিটার।

এই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে মোট ৫০ কোটি ডলারে।

এদিকে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, খুব শিগগিরই ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ ডলারের বিনিয়োগ আসবে।

এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে ট্রাম্প বোঝাতে চান যে তিনি চান মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করুক। তবে বাস্তবে বেশিরভাগ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা তার সেই প্রত্যাশা পূরণে অনীহা দেখিয়েছেন।

এ বিষয়ে মার্কিন তেল কোম্পানি অ্যাক্সন মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করা সম্ভব নয়। তিনি বলেন, এটি এখনো বিনিয়োগের উপযোগী নয়, কারণ সেখানে অনেক আইনগত ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলতে হবে। সেগুলো তৈরি না হলে বিনিয়োগের বিপরীতে কী ধরনের রিটার্ন পাওয়া যাবে, তা বোঝা যাবে না।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। বিশ্বের মোট তেল মজুতের প্রায় এক পঞ্চমাংশই আছে এই দেশে।

এত বিশাল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন খুব কম। দেশটি প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যত অপরিশোধিত তেল সরবরাহ হয়, তার মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল সাধারণত ভারী ও ঘন প্রকৃতির। এই তেল তুলতে এবং পরিশোধন করতে অন্য অনেক ধরনের তেলের তুলনায় বেশি সতর্কতা ও যত্ন প্রয়োজন হয়।

তবে এই ধরনের তেল পরিশোধন করলে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট, কারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি, ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের জ্বালানিসহ আরও নানা ধরনের জ্বালানি পণ্য তৈরি করা সম্ভব।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language