আজ রাতে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল

ঢাকা, ১৫ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসছে আজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও, জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার জোটভুক্ত বাকি ১০ দলের নেতারা অংশ নেন।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা দিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত এ সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে আসন্ন নির্বাচনে দলগুলোর মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









