শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায়

ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এ আপিল দায়ের করে। আপিলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬








