কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করল পুলিশ

কক্সবাজার, ১৫ জানুয়ারি – কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খুরশিদা বেগম পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









