১৫তম বিবাহ বার্ষিকীতে ‘উপহার’ হিসেবে ডিভোর্স নোটিশ পেয়েছিলেন সেলিনা জেটলি

মুম্বাই, ১৫ জানুয়ারি – বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীতে স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছিলেন বিবাহবিচ্ছেদের নোটিশ।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে সেলিনা জানান, স্বামী পিটার হাগের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন—তা তিনি কল্পনাও করেননি। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর দিন পিটার তাকে জানান বিশেষ উপহার কিনতে কাছের একটি পোস্ট অফিসে যাবেন। নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান তিনি। কিন্তু সেখানে গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের আইনি নোটিশ।
পোস্টে অভিনেত্রী আরও লেখেন, বিচ্ছেদের পর অস্ট্রিয়া ছাড়ার সেই রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। তার দাবি, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টার দিকে সন্তানদের নিরাপত্তা ও নিজের মর্যাদা রক্ষার তাগিদে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ত্যাগ করতে বাধ্য হন তিনি। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য অর্থই ছিল, সেই সম্বল নিয়েই তিনি ভারতে ফিরে আসেন।
সেলিনার অভিযোগ, বিয়ের আগেই ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তির ওপরও স্বামী দাবি করেছেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের ‘ব্রেনওয়াশ’ ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের এই সংকটের মধ্যেই সন্তানদের কাছে ফেরার আকুলতা প্রকাশ করে সেলিনা বলেন, তার লড়াই এখন নিজের অধিকারের পাশাপাশি সন্তানদের সঙ্গে পুনর্মিলনের।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬








