ক্রিকেট

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম, না মানলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

ঢাকা, ১৪ জানুয়ারি – ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা এসেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি জুম সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল দুপুর ১টার মধ্যে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের ম্যাচসহ দেশের সব ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক হিসেবে নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক। তিনি বলেন, “জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে যারা খেলছে, তাদের পারফরম্যান্স নিয়ে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা মেনে নেওয়া যায় না। এতে খেলোয়াড়দের আত্মসম্মানে আঘাত লেগেছে।”

এর আগে বুধবার বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম বলেন, ক্রিকেটাররা আন্তর্জাতিক আসরে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেন না, অথচ তাদের পেছনে বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করে। বোর্ড সেই টাকা ফেরত চায় না উল্লেখ করে তিনি পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেন। এই বক্তব্যই ক্ষোভের সূত্রপাত ঘটায়।

কোয়াবের সভাপতি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের দাবি পূরণ না হলে চলমান বিপিএল বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে, যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর হবে।

এদিকে বিসিবির অর্থ কমিটির প্রধানের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। তবে উদ্ভূত সংকট নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই কঠোর অবস্থান বিসিবিকে বড় চাপের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, পরিস্থিতি সামাল দিতে বিসিবি এম নাজমুল ইসলামের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language