নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

ঢাকা, ১৪ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি ও করণীয় নির্ধারণে বৈঠকে বসছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে— আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি রোধ, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণ, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি পর্যালোচনা, উসকানিমূলক সাইবার প্রচারণা প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়।
এ ছাড়া সভায় শীর্ষ সন্ত্রাসীদের জামিনের পর অপরাধমূলক তৎপরতা প্রতিরোধ, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা দমন, গার্মেন্টস ও শিল্পকারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, সীমান্ত ও পার্বত্যাঞ্চলের পরিস্থিতি এবং রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬









