জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে

ঢাকা, ১৪ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দীর্ঘদিনের টানাপোড়েনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সরকার এ সম্পর্ক আরও উন্নত ও সুসংহত করার চেষ্টা করছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা বলতে আমি বোঝাচ্ছি—স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। গত এক বছরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। আরও কিছু কাজ করা যেতে পারে। সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন।”

তিনি জানান, গত সপ্তাহে ইসহাক দার ও তার মধ্যে দুই দফা টেলিফোনে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহের রোববার সৌদি আরবের জেদ্দায় দু’জনের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক এই যোগাযোগ ও বৈঠক দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language