আচরণবিধি মানার শর্তে বায়রার নির্বাচন অনুমোদন, মামুনুল হককে শোকজ

ঢাকা, ১৪ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাধারণভাবে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিলেও আবেদন সাপেক্ষে শর্তসাপেক্ষে অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে ইসি।
বুধবার (১৪ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক ও বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি বায়রার নির্বাচন আয়োজন করা যাবে। ওই দিন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী বা অন্য সংগঠনের নির্বাচন না করার নির্দেশ দিয়েছিল ইসি। তবে পরদিন বায়রার পক্ষ থেকে আবেদন করা হলে তা বিবেচনায় নিয়ে অনুমতি দেওয়া হয়।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে শোকজ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত নোটিসে বলা হয়, মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনের সামনে প্রচারণা শুরুর আগেই লিফলেট বিতরণ করে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন।
নোটিসে মামুনুল হককে ১৭ জানুয়ারির মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধে জেল ও জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
এবারের নির্বাচনে আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬









