আইন-আদালত

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৭টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

ঢাকা, ১৪ জানুয়ারি – আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ৩২৭টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধেরও নির্দেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, জাবেদের বিদেশে থাকা ৩২৭টি বাড়ি ও অ্যাপার্টমেন্টের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে চারটি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে নয়টি এবং ফিলিপাইনে দুটি বাড়ি রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর তাকে আর মন্ত্রিসভায় দেখা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রাক্কালে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language