জাতীয়

নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করল সরকার

ঢাকা, ১৪ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে নতুন বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসা (অন অ্যারাইভাল ভিসা)সহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।

সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনগুলোর শর্ত যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে সুনির্দিষ্ট ভিসা ইস্যু করতে হবে। একইভাবে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের শর্ত মেনে বিনা ভিসায় আগতদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।

অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ সব প্রয়োজনীয় নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগমনী ভিসা দেওয়া হবে। এসব ভিসায় নির্বাচন কমিশন নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সম্বলিত সিল থাকতে হবে। নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করে আগমনী ভিসা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দর কর্তৃপক্ষকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ইমেইলে পাঠাতে হবে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language