ক্রিকেট

নিরাপত্তা চিঠি নিয়ে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়

ঢাকা, ১২ জানুয়ারি – ভারতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেট খেলার বিষয়ে আইসিসিকে উদ্ধৃত করে তিনটি নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেটি আইসিসির পক্ষ থেকে সরাসরি কোনো জবাব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, যিনি আজাদ মজুমদার নামে পরিচিত।

আজ সোমবার বিকেলে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আইসিসির সিকিউরিটি টিমের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে বলেন, ওই চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনটি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, প্রথমত দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি, দ্বিতীয়ত সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা এবং তৃতীয়ত নির্বাচন যত সামনে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে—এই তিনটি বিষয় নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ক্রীড়া উপদেষ্টা যে আইসিসির যোগাযোগের কথা বলেছেন, সেটি আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে হুমকি মূল্যায়ন সংক্রান্ত আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট।

আজাদ মজুমদার আরও জানান, বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের যে অনুরোধ বাংলাদেশ করেছে, তার জবাবে আইসিসির পক্ষ থেকে পাঠানো কোনো আনুষ্ঠানিক উত্তর এটি নয়।

তবে বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ক্রীড়া উপদেষ্টা ড. নজরুল বলেন, বাংলাদেশ আইসিসিকে চিঠি দেওয়ার পর তাদের পক্ষ থেকে একটি উত্তরের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, তারা দুটি চিঠি পাঠিয়েছেন এবং এখন আইসিসির জবাব প্রত্যাশা করছেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language