বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের চার কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

ঢাকা, ১২ জানুয়ারি – বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল ত্যাগ করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে পরবর্তীতে ১৩ এপ্রিল ওই প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
এরই মধ্যে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বর্তমান প্রেক্ষাপটে এসব কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬









