উত্তর আমেরিকা

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১২ জানুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্ট করা ওই ছবিতে ট্রাম্প নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ভেনেজুয়েলা থেকে অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে মার্কিন বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মধ্যরাতে মার্কিন ডেল্টা ফোর্সের পরিচালিত এক সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে আনা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক আছেন।

‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের ওই অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। অভিযানে অন্তত ৮০ জন নিহত হন, যাদের মধ্যে ৩০ জনের বেশি ছিলেন কিউবার সামরিক সদস্য।

এরপর ৫ জানুয়ারি অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে হাজির করা হয়। তবে ট্রাম্প প্রশাসনের আনা এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মাদুরো। আদালতে তিনি বলেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজের বাসা থেকেই তাকে যুক্তরাষ্ট্র অপহরণ করেছে।

এদিকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language