নির্বাচন কমিশনে আজ তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

ঢাকা, ১২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।
এর আগে, শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। এদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৫১টি মঞ্জুর এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ১টি আপিল মঞ্জুর হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ৬টি আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের পরবর্তী শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া, পূর্বে বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিনের আপিল এদিন মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬









