সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ

ঢাকা, ১২ জানুয়ারি – জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার পক্ষে যুক্তি তুলে ধরেন।
শুনানিকালে আসামিপক্ষ প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় বলে অস্বীকার করে এবং বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ভয়েস রেকর্ড পরীক্ষা করার আবেদন জানায়। তবে গত ৪ জানুয়ারি ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করেন।
প্রসিকিউশনের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়, তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে মিরপুরের ১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন, অথচ তারা নির্যাতন বন্ধে কোনো উদ্যোগ নেননি।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্তে সরাসরি জড়িত ছিলেন সালমান ও আনিসুল। সে ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা শোনা যায়। গত ২২ ডিসেম্বর শুনানিতে সেই অডিও রেকর্ডসহ আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিচার শুরুর আবেদন জানান।
এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয় এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬









